কালুখালীতে ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

 
রাজবাড়ীর কালুখালীতে ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে গিয়ে রতন শেখ (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাংলাদেশ হাট মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রতন শেখ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের বাসিন্দা। তিনি শাহ আলম শেখের ছেলে।

নসিমনে থাকা আরেক আরোহী মো. কাদের চৌধুরী জানান, “দুপুরে আমি এবং আমার চাচাতো ভাই রতন শেখ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চড়াইকোল গরুর হাটে গরু কিনতে যাই। বিকেলে একটি গরু কিনে নসিমন ভাড়া করে বাড়ির পথে রওনা হই। সন্ধ্যায় কালুখালীর বাংলাদেশ হাট মোড়ে পৌঁছালে একটি ট্রাক আমাদের নসিমনকে ধাক্কা দেয়। এতে আমরা দুই ভাই ও চালক ছিটকে পড়ে যাই। সে সময় ট্রাকটি আমার ভাই রতনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশিদ বলেন, “ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ইতোমধ্যে নসিমনটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

মন্তব্যসমূহ