পাংশায় পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছে বেঁধে নির্যাতন, জামাতাসহ আটক ৩


রাজবাড়ীর পাংশায় পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক জামাতার বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্বশুরকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাতাসহ তিনজনকে আটক করে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—মো. মিজান মন্ডল এবং তার দুই ছেলে মো. দাউদ মন্ডল ও মো. নাজমুল মন্ডল।


স্থানীয়রা জানান, শ্বশুর সাইদুল প্রামানিক ও জামাতা দাউদ মন্ডলের বাড়ি একই গ্রামে। কয়েক বছর আগে জমি লিজ দেওয়ার কথা বলে জামাতা দাউদের কাছ থেকে এক লাখ টাকা নেন সাইদুল প্রামানিক। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও জমি বুঝিয়ে না দেওয়ায় দাউদ টাকা ফেরত চান। সে সময় শ্বশুর এক মাস সময় চাইলেও দীর্ঘ ছয় বছরেও টাকা ফেরত দেননি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।

এরই জের ধরে বৃহস্পতিবার সকালে শ্বশুর সাইদুলকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে রাখেন দাউদ মন্ডল ও তার পরিবারের সদস্যরা।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইদুল প্রামানিককে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাতা ও তার পরিবারের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

*

إرسال تعليق (0)
أحدث أقدم