রাজবাড়ীর পাংশায় সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত মাদক কারবারি বরকত সরদার আটক
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা এলাকা থেকে বরকত সরদার (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১১ জুন) দুপুর ৩টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর জাহাঙ্গীর।
আটক বরকত সরদার ওই এলাকার মৃত জুলমত সরদারের ছেলে। স্থানীয়ভাবে তিনি একজন কুখ্যাত ও ভয়ংকর মাদক কারবারি হিসেবে পরিচিত।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, বরকত দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে সিসিটিভি ক্যামেরার কঠোর নিরাপত্তা বলয়ে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যের কারবার চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তার বাড়ি থেকে জব্দ করা হয়েছে:
৬ পিচ ইয়াবা
৬ পিচ ট্যফেন্ডা (এক ধরনের ঘুমের ওষুধ)
৬টি দেশীয় অস্ত্র
৬টি মোবাইল ফোন
৩টি সিসিটিভি ক্যামেরা
মাদক বিক্রির ৯৬,৫০০ টাকা
স্থানীয়দের অভিযোগ, বরকত এসব দেশীয় অস্ত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। অভিযানের সময় বরকতের স্ত্রী সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে বিপুল পরিমাণ মাদকসহ পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
পরবর্তীতে আটক বরকত সরদারকে পাংশা থানায় হস্তান্তর করা হয়। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানিয়েছেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
এই অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এমন অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন