রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। বুধবার (১১ জুন) ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই অবরোধ চলায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোর থেকে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। সাগরদাঁড়ি এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেসসহ আন্তঃনগর ট্রেনগুলো থমকে যায় বিভিন্ন স্টেশনে।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে নন্দনগাছী স্টেশনে ট্রেন থামানোর দাবিতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন চারঘাট ও পুঠিয়াসহ আশপাশের এলাকার মানুষ। তারা জানিয়েছেন, এই স্টেশনের যাত্রীসংখ্যা দিনদিন বাড়লেও গুরুত্বপূর্ণ ট্রেনগুলো এখানে থামে না, ফলে ভোগান্তি বাড়ছে।
বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ পূর্বে থেকেই ট্রেন থামানোর আলটিমেটাম দিয়ে আসছিলেন। বুধবারের অবরোধ চলাকালে তিনি ঘোষণা দেন, আগামী ১৬ জুনের মধ্যে যদি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা না করা হয়, তাহলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হবে।
তার এই ঘোষণা দেওয়ার পর অবরোধ তুলে নেন স্থানীয়রা, ফলে সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক বলেন, “ঈদের পরে এমনভাবে রেলপথ অবরোধ অত্যন্ত দুঃখজনক। এতে শুধু জনদুর্ভোগই বাড়ে। আর আন্তঃনগর ট্রেন কোথায় থামবে—সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের নেই; সেটি নির্ভর করে ঢাকার কেন্দ্রীয় দপ্তরের ওপর।”
-6848f82fdcb79.jpg)